
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
নিহত যুবকের নাম মোয়াজ্জেম মোল্লা (২৯)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের তমিজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ীর দরজারপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন মোয়াজ্জেমের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।
নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে চাচাতো ভাইয়েরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে মোয়াজ্জেমকে হত্যা করেছে। নিহতের মা রেনু বেগম বলেন,
“আমার ছেলেকে আগে থেকেই হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ঈদের দিন সাদা পাঞ্জাবি পরে বের হয়েছিল, সেই পাঞ্জাবি এখন রক্তে ভেজা। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”
অন্যদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে পূর্ব বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। জানা যায়, গত ১৩ মার্চ ব্যাটারি চুরির ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ১৪ মার্চ একটি সালিস বৈঠকের পর সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় ইতোমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে।
এ মামলায় মোয়াজ্জেম মোল্লাসহ কয়েকজনকে আসামি করা হয় এবং তারা পলাতক ছিলেন বলে জানা গেছে।
ঈদের দিন এলাকায় উপস্থিত হলে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বলেন,
“নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।