
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ফারুক মাহফুজ আনাম, তবে ভক্তদের কাছে তিনি জেমস বা গুরু নামেই অধিক পরিচিত।
২ অক্টোবর এই দিনে দেশের জনপ্রিয় এ শিল্পীর জন্ম। সঙ্গীতের এই কালপুরুষ পা রাখলেন ৫৮ বছরে। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করতো না। কিশোর বয়সেই গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছাড়েন তিনি। তখনই চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহি ফানটিসহ কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপার হিট হয়ে যান জেমস।
১৯৯৬ সালে ফিলিংস ব্যান্ড থেকে ‘নগরবাউল’ প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল। সেই সুবাদে ব্যান্ডের নাম ফিলিংস থেকে নগরবাউল রাখেন জেমস। আর এই নামে ব্যান্ড থেকে প্রকাশিত একমাত্র অ্যালবাম ‘দুষ্টু ছেলের দল’।
ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবে অধিক জনপ্রিয় ও সফল। যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডেও।
বাংলা সিনেমায়ও তার গানের সংখ্যা কম নয়। জেমস ২০১৪ সালে দেশা আসছে" এই গানটির মাধ্যমে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী" হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কার অর্জন করেন।
তার বিভিন্ন এলবামে অন্যান্য গানগুলো হলো স্টেশন রোড, জেল থেকে বলছি, নগর বাউল, দুষ্টু ছেলের দল, আমি তোমাদেরই লোক, ভিগি ভিগি, চল চলে,আসবার কালে আসলাম একা, এতো কষ্ট কষ্ট লাগে ও তোর প্রেমেতে অন্ধ হলাম।
প্রতিবছর জেমসের জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা আর আয়োজনের কমতি থাকে না। সাধারণত কোন অনুষ্ঠানেই তিনি অংশ নেন না তিনি। এই দিনে কোন কনসার্ট বা রেকডিং রাখেন না এই সংগীত শিল্পী। বিশেষ এই দিনটি নিজের মতো করেই কাটাতে পছন্দ করেন তিনি।