টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে কে-৯ ডগের সহায়তায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩৯ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অটোরিকশার চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ঠেংখালী থেকে টেকনাফগামী একটি অটোরিকশায় কে-৯ ডগ ‘বার্লিন’-এর সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার সিটের মধ্যে লুকানো মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পরে তল্লাশি করে ৩৯ লিটার বাংলা চোলাই মদ, অটোরিকশাটি ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের পরিচয় যথাক্রমে আরাফাত হোসেন (১৯) ও রিদুয়ানুল করিম (১৯) বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁদের উভয়ের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার তেলখোলা এলাকায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।