নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় আগুন প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অসাবধানতা ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে সংস্থাটি অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেছে।
ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ভবন নির্মাণের সময় ফায়ার সেফটি প্ল্যান গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
পাশাপাশি ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’সহ সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুসরণ করে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রান্না শেষে গ্যাসের চুলা ও সংযোগ বন্ধ রাখা, গ্যাসের চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দেওয়া এবং বৈদ্যুতিক তার, সুইচ ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ও অতিরিক্ত বৈদ্যুতিক লোড এড়িয়ে চলার পাশাপাশি গ্যাসের লিকেজের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ সম্পূর্ণ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলা, শিশুদের আগুন, দিয়াশলাই ও লাইটার নিয়ে খেলতে না দেওয়া এবং দাহ্যবস্তুর কাছে খোলা আগুন ও মশার কয়েল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, বাসাবাড়ি, কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁয় প্রয়োজন অনুযায়ী অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করতে হবে।
এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করা জরুরি।
দীর্ঘদিন বন্ধ থাকা কোনো ঘর বা প্রতিষ্ঠানে প্রবেশের পর গ্যাস জমে থাকার আশঙ্কা থাকলে বৈদ্যুতিক সুইচ, আগুন কিংবা দিয়াশলাই জ্বালানো যাবে না। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি সহায়তা নিতে হবে।
অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে অগ্নিপ্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।
পাশাপাশি নিকটস্থ ফায়ার স্টেশনের যোগাযোগ নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। তাই অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলার পাশাপাশি নিজে নিরাপদ থাকা এবং অন্যকে নিরাপদ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে এ সচেতনতামূলক সতর্কবার্তা জানান উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।