মুন্সীগঞ্জে এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ব্যতিক্রমী আয়োজন ‘গ্র্যান্ডপ্যারেন্টস ডে’

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ব্যতিক্রমী আয়োজন ‘গ্র্যান্ডপ্যারেন্টস ডে’

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ‘গ্র্যান্ডপ্যারেন্টস ডে’। দাদা-দাদিদের সঙ্গে শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্ক, পারিবারিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে গুরুত্ব দিয়ে আয়োজন করা হয় এ বিশেষ অনুষ্ঠান।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে নিজেদের যুক্তি ও বক্তব্য উপস্থাপন করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ আমজাদ প্রকাশসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয়টি ইসলামিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।  


নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞানচর্চা ও ভাষাগত দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


সাধারণত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফাদার ডে বা বাবা দিবস উদ্‌যাপন করা হলেও এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবার গ্র্যান্ডপ্যারেন্টস ডে বা দাদা-দাদিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

 এ উদ্যোগের মাধ্যমে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন, তাঁদের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক দৃঢ় করা এবং পারিবারিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পারিবারিক বন্ধন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তুলতে ভূমিকা রাখতে পারে। 


মুন্সীগঞ্জে এমএইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের এই আয়োজন তাই শিক্ষার্থীদের শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ চর্চায় একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।