নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে আল্লাহ মহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখার বিষয়টি দেখা যায়।
এ সময় রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসাইন সিয়াম এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।