নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
তৈয়বুর রাহমান:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে চিশতিয়া বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আটিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চিশতিয়া বেকারিতে মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার লোকমান হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি টিম।