নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, আটক ৩ হায়েস
ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর যেকোনো সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে রাত ১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের চেকপোস্টে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাসসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে আরও ১১ জনকে একটি হায়েস গাড়িসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত ২টার দিকে চেকপোস্ট চলাকালে আরও ১০ জনকে একটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বহনকারী গাড়িগুলোতে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
সব মিলিয়ে জেলার বিভিন্ন চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য এবং তিনটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।