মুন্সীগঞ্জে সংস্কৃতিকর্মীদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেওয়ার প্রতিবাদ, প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে সংস্কৃতিকর্মীদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেওয়ার প্রতিবাদ, প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সংস্কৃতিকর্মীদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার সংস্কৃতিকর্মীরা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।


রোববার ‘শিল্পী সমাজ, মুন্সীগঞ্জ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।


সম্প্রতি ‘মুন্সিগঞ্জে ফ্যাসিবাদের দোসরদের দেওয়া হচ্ছে শিল্পকলা সম্মাননা’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা আয়োজন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর সম্মাননা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে মানববন্ধনে অংশ নেওয়া সংস্কৃতিকর্মীরা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫ জনকে সম্মাননা দেওয়ার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়।

তাঁদের অভিযোগ, যথাযথ তথ্য যাচাই না করে প্রকাশিত ওই প্রতিবেদনে জেলার সংস্কৃতিকর্মীদের একটি অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তাঁদের সামাজিক ও সাংস্কৃতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার দায়িত্ব। ঢালাওভাবে জেলার সংস্কৃতিকর্মীদের একটি রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন থেকে প্রকাশিত সংবাদটির বিষয়ে ব্যাখ্যা ও প্রতিবাদ প্রকাশ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতিবেদক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, আনমনা প্রাঙ্গণের সাধারণ সম্পাদক শাহনাজ হীরা, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি আরিফ মোড়ল,হিরণ কিরণ থিয়েটারের সভাপতি সেলিম রেজা, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান রহমান লিপু, 
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাসাস শিল্পী বিউটি আক্তার তৃষা, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সংগীতশিল্পী আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সংগীতশিল্পী সুমন চৌধুরী, শহর জাসাসের সভাপতি আজিম মাহমুদ, 
জাসাসশিল্পী এডভোকেট শাহআলম সানু, জাসাসশিল্পী আজিম মাহমুদ,
জাসাসশিল্পী শহিদুল ইসলাম মালেক,
জাসাসশিল্পী রাজিয়া সুলতানা সুমি, জাসাসশিল্পী সুর্বনা রানী,  
চিত্রনায়ক আশিক চৌধুরী, নাট্যকার শিশির রহমান, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম আশরাফ উজ্জল, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাফিজ তানভীরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।