'একটি বৃক্ষ বদলে দিতে পারে একটি প্রজন্ম' মুন্সীগঞ্জে তরুণ সমাজের উদ্যোগে শত বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
'একটি বৃক্ষ বদলে দিতে পারে একটি প্রজন্ম' মুন্সীগঞ্জে তরুণ সমাজের উদ্যোগে শত বৃক্ষরোপণ

একটি বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি হয়ে উঠতে পারে একটি সচেতন ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রতীক। এমন ভাবনা থেকেই মুন্সীগঞ্জে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে এসেছে মালির পাথর তরুণ সমাজ।


 

তরুণদের উদ্যোগে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ফিরিঙ্গী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে ১০০টি বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণ সমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

আয়োজকরা বলছেন, পরিবর্তন সবসময় বড় কোনো আয়োজন দিয়ে শুরু হয় না। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। আর সেই পরিবর্তনের শুরুটা হতে পারে একটি বৃক্ষ রোপণের মধ্য দিয়েও।

 

মালির পাথর তরুণ সমাজের সদস্যদের বিশ্বাস, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ সামাজিক ও আদর্শিক মূল্যবোধ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তাদের মতে, শুধু বক্তব্য কিংবা আলোচনা নয়—বাস্তব সামাজিক কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার মাধ্যমেই দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।

 

এই বৃক্ষরোপণ কর্মসূচিকে তাই শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন না তারা। বরং এটিকে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ তৈরি করার একটি প্রয়াস হিসেবে দেখছেন আয়োজকরা।

 

তাদের প্রত্যাশা, আজকের রোপণ করা এই বৃক্ষগুলো একদিন বড় হয়ে পথচারীদের ছায়া দেবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তরুণদের সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

আয়োজকরা জানান, মালির পাথর তরুণ সমাজের এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

 

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন—দোলন, ওম্মেত, অমিত, সিয়াম, জিদান, রিফাত, ইমন, রতন, দিপু, মোস্তাক ও টুকু।

 

তরুণদের প্রত্যাশা একটাই—

আজকের এই উচ্ছ্বাস যেন শুধু শত বৃক্ষ রোপণেই সীমাবদ্ধ না থাকে; বরং এই উদ্যোগ থেকেই গড়ে উঠুক সচেতন, দায়িত্বশীল ও আদর্শ একটি প্রজন্ম।

 

তাদের ভাষায়—

“আমাদের এই উচ্ছ্বাস, একটি আদর্শ প্রজন্ম গড়ার লক্ষ্যে।”