মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদ, মুন্সিগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত; সিভিল সার্জন ডা. সাজেদা বেগম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন; সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা; জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী ও মৎস্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।


অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্যসম্পদের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

এ সময় মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, আধুনিক ও নিরাপদ মৎস্যচাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাটকা ও মা ইলিশ সংরক্ষণসহ প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে মুন্সিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় অতিথিরা মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মুন্সিগঞ্জে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের স্বনির্ভর করে তোলার বিষয়ে জনসচেতনতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।