নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সংগীতাঙ্গনের পরিচিত মুখ রাজীব মজুমদারের নতুন গান ‘শহর জুড়ে রোদ’ প্রকাশিত হয়েছে। গানটি বিশ্বের ৪২টি আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে একযোগে শোনা যাচ্ছে। Spotify, YouTube Music, Apple Music, iTunes ও Amazon Musicসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে গানটি।
বড় কোনো আয়োজন কিংবা স্টুডিওকেন্দ্রিক পরিকল্পনা ছাড়াই কাজের ফাঁকে নিজের ঘরে শখের বসে গানটি তৈরি করেছেন রাজীব মজুমদার। গানটির কথা লিখেছেন সায়ান্ত স্যান্নাল জিতু এবং এতে সুর দিয়েছেন রাজীব নিজেই।
সুরের প্রয়োজনে গানের কথায় ‘শহর জুড়ে রোদ, ঘরে ভীষণ অন্ধকার’—এই লাইনটি যুক্ত করেন তিনি।
মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকার বাসিন্দা রাজীব মজুমদার বর্তমানে পেশাগত কারণে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরিতে ডিজাইনার হিসেবে কর্মরত।
সংগীতের সঙ্গে রাজীবের পথচলা শুরু হয় ২০০২ সালে। বড় ভাইদের হাত ধরে ‘প্রতিশ্রুতি’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন তিনি। ওই সময় ব্যান্ডটিতে বাপন, নূপুর ও পলাশসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ছিলেন।
এরপর ২০০৬ সালে বন্ধুদের নিয়ে ‘অনুশীলন’ নামে একটি ব্যান্ড গড়ে তোলেন রাজীব। একসময় মুন্সিগঞ্জে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। পরে পড়াশোনার কারণে সংগীতচর্চায় দীর্ঘ বিরতি নিয়ে ঢাকায় চলে যান তিনি।
দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে মুন্সিগঞ্জের ফয়েজ, ফারাজ, নাহিন ও জয়কে সঙ্গে নিয়ে ‘মানুষ’ ব্যান্ডের মাধ্যমে আবারও সংগীতচর্চায় ফেরেন রাজীব। মূলত গিটারিস্ট হিসেবে পরিচিত হলেও ‘মানুষ’ ব্যান্ডে এসে নিয়মিত গান গাওয়া শুরু করেন তিনি। এর আগে বিভিন্ন ব্যান্ডে টুকটাক গান করলেও প্রধান ভোকাল হিসেবে কাজ করার সুযোগ পাননি।
নতুন গানটির প্রসঙ্গে রাজীব মজুমদার বলেন, “বড় কোনো পরিকল্পনা করে নয়, কাজের ফাঁকে নিজের ঘরে শখের বসেই গানটি তৈরি করেছি। সংগীতের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। গিটার বাজানোই মূলত আমার পরিচয় ছিল, তবে মানুষ ব্যান্ডে এসে গান করাও শুরু করি। নতুন গানটি শ্রোতাদের ভালো লাগলে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
গানটির কথা প্রায় এক বছর আগে লিখে দেন সায়ান্তন সান্যাল (জিতু)। পরে সেই কথায় সুরারোপ করেন রাজীব মজুমদার। বর্তমানে গানটি আন্তর্জাতিক ৪২টি মিউজিক প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য উন্মুক্ত রয়েছে।
‘শহর জুড়ে রোদ’ গানটি শোনা যাচ্ছে Spotify, YouTube Music, Apple Music, iTunes, Amazon Musicসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।