৪ লাখ ৭৮ হাজার ৭২ মামলায় সরকারি খরচায় আইনি সহায়তা প্রদান

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১২ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সরকারি খরচায় ৪ লাখ ৭৮ হাজার ৭২ মামলায় আইনি সহায়তা প্রদান

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় অস্বচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৭৮ হাজার ৭২ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ৩৪৫৭ টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬৯ হাজার ৯০৭ টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮ টি মামলায় আইনগত সহায়তা প্রধান করা হয়েছে।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।