নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসন এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে মুন্সীগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ নাহিদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিবাসন প্রত্যাশী যুবক-যুবতী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি সেমিনারে যুক্ত ছিলেন।
সেমিনারে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার গুরুত্ব, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে একজন কর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠেন। একই সঙ্গে নিরাপদ ও বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার মাধ্যমে প্রতারণা ও হয়রানির ঝুঁকি কমানো সম্ভব। সরকারি প্রশিক্ষণ ও সেবার সুযোগ গ্রহণ করে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে মুন্সীগঞ্জ টিটিসিতে পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মেসন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং বিদেশগামী কর্মীদের জন্য ইংরেজি, জাপানি ও আরবি ভাষা প্রশিক্ষণ।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত সনদ অর্জনের সুযোগ রয়েছে, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে বলে সেমিনারে জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং সরকারি প্রশিক্ষণ ও সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।