সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০১ আগস্ট, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে নাটোরের সিংড়ায় সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের কাঁচাসবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।


এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ।

সরেজমিনে সিংড়া পৌর হাট, কালিগঞ্জ, বিলদহর ও বিয়াশ হাট ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক সপ্তাহ আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, ৬০ টাকা কেজির বেগুন এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ২০ থেকে ২৫ টাকা কেজির আলু বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৩০ থেকে ৪০ টাকা কেজির পটল ও ঢ্যাঁড়শ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

অন্যদিকে, টমেটোর দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে এবং শসার দাম ৮০ থেকে ৯০ টাকা কেজিতে উঠেছে। মুখি কচু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

সবজির এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে এসে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। সিংড়া পৌর হাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য একটু বৃষ্টি হলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। বৃষ্টির অজুহাতে তারা আমাদের মতো সাধারণ মানুষের পকেট কাটছে।”

তবে খুচরা সবজি বিক্রেতারা দাবি করছেন, দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। সিংড়া পৌর হাটের সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, “টানা বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষেত ডুবে গেছে এবং ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। বড় মোকাম থেকেই আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এ ছাড়া পরিবহন খরচও আগের চেয়ে বেড়েছে। বেশি দামে কিনে আমরা তো আর কম দামে বিক্রি করতে পারি না।”

অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দ্রুত প্রশাসনের জোরদার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।