মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক উন্নয়ন, সুশাসন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৭ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক উন্নয়ন, সুশাসন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

 

মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।


তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বালুমহল বিলুপ্তকরণসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।


পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি বন্দোবস্ত প্রদান এবং প্রেস ক্লাব ভবনের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।


সাংবাদিক ও জেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশায় প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।