মুন্সীগঞ্জের বাংলাবাজার ও শিলই ইউনিয়নে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২০ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের বাংলাবাজার ও শিলই ইউনিয়নে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


পরিদর্শনকালে প্রতিনিধিদল নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নদীভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রমও তারা পরিদর্শন ও তদারকি করেন।

এ সময় সংসদ সদস্য ও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তারা নদীভাঙনের ফলে সৃষ্ট দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা বিষয়ে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তারা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহ নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।