নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
এ সংক্রান্ত তথ্য জানিয়ে বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব রশিদ মিয়ার সই করা একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিরুদ্ধে দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে ১৮ আগস্ট পর্যন্ত।
পরবর্তীতে জমা পড়া দাবি-আপত্তিগুলো যাচাই-বাছাই করে নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এ ছাড়া ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।