নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড মসজিদ গলি এলাকায় বিশ্বকাপ খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় তায়েব হোসেন (১২) নামের এক শিশুকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে তার নিজ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক মা তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে দেওভোগ পাক্কা রোড এলাকার নিজ বাসায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তায়েব হোসেন ওই এলাকার আফসার হোসেন আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তায়েব হোসেন তার মাকে না জানিয়ে বাইরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়। খেলা শেষে রাত আনুমানিক আড়াইটার দিকে সে বাসায় ফেরে। এত রাতে না জানিয়ে বাইরে থাকায় মা তাসলিমা বেগম চরম ক্ষুব্ধ হন এবং সন্তানকে শাসন করতে শুরু করেন। রাগের একপর্যায়ে তিনি তায়েবের গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা তাসলিমা বেগমকে আটক করে।
ওসি আরও জানান: "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাসলিমা বেগম নিজের সন্তানকে গলা চেপে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। না জানিয়ে রাতে খেলা দেখতে যাওয়া এবং দেরিতে বাড়ি ফেরা নিয়ে রাগের মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তিনি জানিয়েছেন।"
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক মাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।