গজারিয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৯ জুলাই, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
গজারিয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গজারিয়া উপজেলা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



সভায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।


বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।


বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ সময় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভা শেষে গজারিয়া উপজেলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল), গজারিয়া থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।