নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী কিশোর-কিশোরীদের খেলাধুলায় সম্পৃক্ত করে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭' কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।
'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। আবেদনকারীর জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে হতে হবে।
এ কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস এবং মার্শাল আর্টের (কারাতে, উশু, তাইকোয়ানডো ও জুডো) মোট ১০টি ইভেন্টে বালক ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।
আবেদনের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত বর্তমান শ্রেণির ট্যাবুলেশন/রোল তালিকার কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য notunkurisports.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বশির উল্লাহ বলেন
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজনে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্রিড়া সংগঠন, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বেরিয়ে আসবে। আমরা আশা করি এবারেরই সিজনে যেন সর্বসংখ্যক খেলোয়াড় নিবন্ধন করতে পারেন এজন্য সবাইকে একসাথে কাজ করে যেতে হবে ।