ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২২ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী “নয়নের খাল”-এর চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২২ জুন ২০২৬) খালটির খনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মীরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুন্সীগঞ্জ সদর মারজানা আক্তারসহ মীরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।


পরিদর্শনকালে জেলা প্রশাসক নয়নের খাল খনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


তিনি খাল খনন কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও টেকসইভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে খালের ওপর ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্তকরণ, খালে বর্জ্য ফেলা বন্ধ এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


জেলা প্রশাসক বলেন, খালের পরিবেশ ও নাব্যতা রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে নয়নের খাল পুনরায় প্রাণ ফিরে পাবে এবং এলাকার পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।