পিতা-মাতা ও সহকর্মীর হাতে মোড়ক উন্মোচন হলো জিতু রায়ের প্রথম গ্রন্থ ‘আবৃত্তির হাতেখড়ি’

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৯ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী শ,ম, কামাল হোসেন গুরুতর আহত

রাহিদ হোসেন: আবৃত্তি শিক্ষাকে শিশুদের জন্য সহজ, আনন্দময় ও কার্যকর করে তুলতে রচিত শিক্ষক, সাংবাদিক ও আবৃত্তিশিল্পী জিতু রায়ের প্রথম গ্রন্থ “আবৃত্তির হাতেখড়ি”-এর মোড়ক উন্মোচন ও শিশুদের হাতে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থকারের জন্মদাতা পিতা কার্তিক রায়, মাতা তুলসী রায় এবং তাঁর সহকর্মী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, চিত্রশিল্পী ও সহকারী শিক্ষক আহাদ উদ্দিন।

নিজের প্রথম গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে পিতা-মাতা ও সহকর্মীকে পাশে পেয়ে আবেগাপ্লুত হন জিতু রায়। তিনি বলেন, “শিশুদের আবৃত্তি শিক্ষার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকেই বইটি রচনা করেছি। বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিশু ধাপে ধাপে, সহজ ভাষায় এবং আনন্দের সঙ্গে আবৃত্তির মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে। কঠিন তত্ত্ব বা জটিল ভাষার পরিবর্তে শেখার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সহজবোধ্য ও অনুশীলনভিত্তিক পদ্ধতিতে। ”

অনুষ্ঠানের অতিথি আহাদ উদ্দিন বলেন, “মুন্সীগঞ্জে বেসরকারি পর্যায়ে আবৃত্তি, গল্প বলা ও উপস্থাপনা শিক্ষার ক্ষেত্রে কণ্ঠকুঁড়ি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শিশুদের উপযোগী করে আবৃত্তি শিক্ষার এমন একটি বই রচনার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিশুদের মনন ও মানবিক বিকাশে যারা কাজ করেন, তাদের সৃজনশীল উদ্যোগের একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে এই বই।”

অনুষ্ঠানে কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় এবং বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত অভিভাবকরা বইটির সহজ উপস্থাপনা ও শিক্ষণ পদ্ধতির প্রশংসা করে বলেন, বইটি শিশুদের শুদ্ধ উচ্চারণ, সুন্দর আবৃত্তি চর্চা এবং সাহিত্যপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারিবারিক আবেগ, সাংস্কৃতিক চর্চা এবং নতুন প্রজন্মের হাতে সৃজনশীল শিক্ষার উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।