নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবিঃ প্রতিনিধি।

রাহিদ হোসেন:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের দর্পণা কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক সাংবাদিক গুলজার হোসেন, মুন্সিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী এবং কবি ও গীতিকার যাকির সাঈদ।

 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক জিতু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় চারটি বিভাগে অংশ নেওয়া ৭২ জন শিশু-কিশোর ও তরুণ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া বাংলা ভাষা, সাহিত্য ও আবৃত্তিশিল্পের চর্চা ও বিকাশে অবদান রাখায় কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির ৪৫ জন আবৃত্তিশিল্পীর হাতে “সাংস্কৃতিক স্বীকৃতি সনদ” প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে “মুন্সীগঞ্জ অবদান সম্মাননা-২০২৬” প্রদান করা হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিল আয়াত মেডিকেল সেন্টার, ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, সবুজ কুঁড়ি বাংলাদেশ, বিডি ক্লিন মুন্সীগঞ্জ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিট, ডিজাইন স্টুডিও এবং নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির বার্তা সম্পাদক রাহিদ হোসেন।

 

এছাড়া শিশু-কিশোরদের মাঝে আবৃত্তিশিল্পের চর্চা, বিকাশ ও প্রসারে বিশেষ অবদান রাখায় কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাংবাদিক ও আবৃত্তি শিক্ষক জিতু রায়কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তন, সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে আসছে।

 

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ২০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ এবং চক্ষু পরীক্ষার সেবা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্বে আবৃত্তি, সংগীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।