নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ঢাকা অঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অ্যাথলেটিক্সের ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শি।
এ সময় জেলা প্রশাসক বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের এ সাফল্যকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।