টুঙ্গিবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ: এরশাদ হোসেন বেপারী গ্রেফতার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টুঙ্গিবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ: এরশাদ হোসেন বেপারী গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের অভিযোগে মোঃ এরশাদ হোসেন বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত এরশাদ হোসেন বেপারী উপজেলার কাঠাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি ডেনমার্ক  আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ও রবিবার টুঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া ও শিমুলিয়া ইউনিয়নের ডালিবাড়ি ও আশপাশের এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে যুবলীগের ব্যানারে লিফলেট বিতরণ করা হয়।
 বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


পরবর্তীতে টুঙ্গিবাড়ী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান পরিচালনা করে। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এরশাদ হোসেন বেপারীকে আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে টুঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল হক ডাবলু জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে লিফলেট বিতরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তারা পলাতক রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।