নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে “ডিজিটাল কালচার সোসাইটি” নামে একটি নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনটি তাদের কার্যক্রম ঘোষণা করে সমাজ ও সংস্কৃতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
সংগঠনের উদ্যোক্তারা জানান, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে শর্ট ফিল্ম নির্মাণ, নাটক প্রযোজনা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি ও সৃজনশীল সংস্কৃতির বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য।
পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা, পথশিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন গড়ে তুলতে কাজ করবে সংগঠনটি।
ডিজিটাল কালচার সোসাইটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা, পথশিশুদের সহায়তা প্রদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষামূলক ও সচেতনতামূলক কনটেন্ট তৈরি করবে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাগর হোসেন, সাধারণ সম্পাদক মো. হৃদয় মৃধা এবং সাংগঠনিক সম্পাদক রায়হান তালুকদার প্রান্ত। সংগঠনের নেতৃবৃন্দ তাদের এই পথচলায় সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন, যাতে সমাজ, সংস্কৃতি ও মানবকল্যাণে তাদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
নতুন বছরের এই শুভক্ষণে “ডিজিটাল কালচার সোসাইটি”-র যাত্রা সমাজে ইতিবাচক পরিবর্তন ও সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।