মুন্সীগঞ্জের বজ্রযোগীনীতে মিয়াবাড়ি দীঘি থেকে মাটি কাটার অভিযোগ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের বজ্রযোগীনীতে মিয়াবাড়ি দীঘি থেকে মাটি কাটার অভিযোগ


মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনী ইউনিয়নের সোয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ দীঘি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীঘিটির দক্ষিণ পাশে বাউন্ডারি নির্মাণের পাশাপাশি পাড় ভরাটের কাজ চলছে, যেখানে বিপুল পরিমাণ মাটি কেটে অন্যত্র নেওয়া হচ্ছে।

 


সরেজমিনে গিয়ে দেখা যায়, দীঘির একাংশে বাউন্ডারি নির্মাণের কার্যক্রম চলছে। একই সঙ্গে পাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার দৃশ্যও লক্ষ্য করা যায়। এতে ঐতিহ্যবাহী দীঘিটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।


স্থানীয়দের দাবি, মাটি কাটার কাজে হিরন মিয়া ও সেলিম আহম্মেদ নেতৃত্ব দিচ্ছেন। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দীঘিটি সরকারি খাস খতিয়ানভুক্ত ‘ক’ তফসিলের ৫১৩ দাগে ১ একর ১ শতাংশ জমি হিসেবে নথিভুক্ত। তার মতে, এ ধরনের স্থান থেকে মাটি কাটতে হলে সরকারি অনুমতি প্রয়োজন, যা নেওয়া হয়নি।


এদিকে স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি কাটতে থাকলে দীঘিটি দখলের ঝুঁকিতে পড়তে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং মাটি কাটা বন্ধ করে ঐতিহ্যবাহী এই জলাশয় রক্ষার দাবি জানিয়েছেন।


অভিযোগের বিষয়ে হিরন মিয়া বলেন, দীঘিটির মোট পরিমাণ প্রায় ২ একর ৭৬ শতাংশ। এর মধ্যে ১ একর ১ শতাংশ খাস জমি রয়েছে। তিনি দাবি করেন, তারা কোনো খাস জমি থেকে মাটি কাটছেন না, বরং নিজেদের মালিকানাধীন অংশ থেকে শ্রমিক দিয়ে মাটি নেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ড্রেজার বা ভেকু ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র লেবারের মাধ্যমে কাজ চলছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি মাটি না পেয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।


এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাসুদুর রহমান জানান, ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদের দীঘিতে মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।