নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (০৯ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন মানিকপুর এলাকায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি (৩৮), পিতা- এম এ সালাম মিয়া, গ্রাম- আধারা, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।