নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক।
নিহত ব্যক্তি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বাসিন্দা জনাব হবি পাইক।
জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংঘটিত এ হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে।
শোকাহত পরিবারের খোঁজখবর নিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ সদরের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিককে নিহতের বাড়িতে প্রেরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা, শুকনো খাবার এবং ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
পাশাপাশি জেলা প্রশাসন নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান প্রাপ্তিসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
জেলা প্রশাসক জানান, এই দুঃসময়ে সরকার নিহতের পরিবারের পাশে রয়েছে এবং তাদের সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।