নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : বাড়ির ভেতরেই যে সুরের জন্ম, সেই সুরকেই এবার আনুষ্ঠানিক রূপ দিচ্ছেন জাহিদ নিরব। বাবা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো একটি পারিবারিক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাতে মুক্তি পাবে ‘শুকরিয়া হাসনাহ’—কৃতজ্ঞতার সুরে গাঁথা এক বিশেষ আয়োজন। গানটি প্রকাশিত হবে তাঁর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি প্রাইম ব্যাংকের প্ল্যাটফর্মেও দেখা যাবে ভিডিওটি।
শৈশবের স্মৃতিকে যেন নতুন করে ছুঁয়ে দেখেন নিরব। তাঁর ভাষায়, “আমাদের বাসায় গান ছিল প্রতিদিনের ব্যাপার। আব্বার হারমোনিয়ামের সুরে, আমার কণ্ঠে—সেখান থেকেই শুরু। এবার সেই ঘরের ভেতরের অনুভূতিটাই আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ”
এই গানে বড় ভাই জুবায়েদ আল নাঈম তবলায়, ছোট ভাই হাসিবুল নিবিড় গিটারে, আর মেহেদী হাসান তামজিদ রাবাকে সঙ্গ দিয়েছেন। গানের কথা লিখেছেন মঞ্জুর এলাহি।
গানটির মূল ভাবনায় আছে এক সহজ অথচ গভীর উপলব্ধি—অগণিত নিয়ামতের ভেতর থেকেও আমরা কতটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? সেই প্রশ্ন থেকেই জন্ম ‘শুকরিয়া হাসনাহ’-এর।
নিরব জানান, এটি মূলত প্রাইম ব্যাংক হাসানাহ-এর একটি জিঙ্গেল ছিল। তবে গানের অনুভব তাঁকে এতটাই স্পর্শ করে যে, অনুমতি নিয়ে তিনি সেটিকে পূর্ণাঙ্গ রূপ দেন। ভিডিও নির্মাণে তাঁর দীর্ঘদিনের সহযাত্রী কাওসার ইসলাম প্রান্ত ও তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এবারের ঈদকে তিনি কাজের দিক থেকেও বিশেষ মনে করছেন। তাঁর সংগীত পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। পাশাপাশি রায়হান রফি পরিচালিত ‘প্রেসার কুকার’ সিনেমায় একটি গান থাকছে, যা গেয়েছেন অঙ্কন কুমার।
নাটকের জগতেও রয়েছে তাঁর উপস্থিতি। ‘তবুও মন’-এ থাকছে ‘এভাবেও হতে পারে প্রেম’—যার কথা লিখেছেন তারিক তুহিন, সুর ও সংগীত করেছেন নিরব, কণ্ঠে সালমান ও মাশা। ‘লিলিথ’ নাটকের জন্য ‘পিছু ডেকো না’ গানটি লিখেছেন তানিন নিনাত; সুর ও সংগীত নিরবের, কণ্ঠে দোলা রহমান।
রমজানজুড়েও প্রকাশ পেয়েছে একাধিক কাজ। ‘মিউ’ সিনেমার দুটি গান, শিশুদের জন্য ‘মিউ মিউ মিউ’, এবং বাটা-এর একটি জনপ্রিয় জিঙ্গেল—সব মিলিয়ে সুরের ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রাইম ব্যাংকের প্রবাসীদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তার আনপ্লাগড ভার্সনও শিগগিরই প্রকাশের অপেক্ষায়।
এছাড়া জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন জাহিদ নিরব। সব মিলিয়ে এবারের ঈদ তাঁর কাছে সুর, সৃজন আর কৃতজ্ঞতার এক উজ্জ্বল অধ্যায়।