কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বজ্রযোগনী: গাছ ও খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বজ্রযোগনী: গাছ ও খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের বজ্রযোগনী ইউনিয়ন পরিষদের সামনে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি বিশাল গাছ ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার ওপর উপড়ে পড়েছে।  


রোববার (২৬ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই আকস্মিক দুর্যোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া তীব্র ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে যায়। গাছটি পড়ার সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে আঘাত করলে খুঁটিটি ভেঙে সরাসরি রাস্তার ওপর পড়ে। এতে ব্যস্ততম এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ বিপর্যয় ও বর্তমান পরিস্থিতি
বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ফলে বজ্রযোগনী ইউনিয়ন একাংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ছিঁড়ে যাওয়া তার রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এলাকাটি বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের খবর দেওয়া হয়েছে, তবে ঝড়ের কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটছে।


 বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় মেরামত করতে সময় লাগবে। ফলে বজ্রযোগনী ইউনিয়নের সকল গ্রাহককে বিদ্যুৎ সংযোগ পুনরায় পেতে কিছুটা বিলম্ব হতে পারে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আপাতত ওই এলাকা দিয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।
জনদুর্ভোগ
রাস্তায় গাছ ও খুঁটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় স্বেচ্ছাসেবী ও গ্রামবাসীরা রাস্তা থেকে গাছের ডালপালা সরানোর চেষ্টা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, বড় গাছটি অপসারণের জন্য ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে।