জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অব্যাহতির আবেদন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অব্যাহতির আবেদন

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।


 মুন্সীগঞ্জ সদর উপজেলার বি.আর.ডি.বি’র সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এ আবেদন করেন।


 গতকাল রবিবার জেলা প্রশাসকের নিকট তিনি লিখিত আবেদন জমা দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু দীর্ঘ ১৬-১৭ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে আসছেন।  

দীর্ঘদিন একই ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে থাকায় কমিটির কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া নিয়ম-নীতি উপেক্ষা করে তিনি পদটি দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন বলেও দাবি করা হয়।

আবেদনপত্রে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি পদে থাকায় কমিটির ভেতরে ও বাইরে অসন্তোষ বিরাজ করছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদে বহাল থাকার অভিযোগও করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন ও মসজিদ কমিটিতে পরিবর্তন এলেও শহর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে এখনো পরিবর্তন না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।


এছাড়া সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে সেগুলো তদন্ত করার দাবিও জানানো হয়েছে।

 একই সঙ্গে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আবেদনকারী মো. আনোয়ার হোসেন বলেন, “আমি আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চাই। আমার মতে, অনেকেই চান না তিনি দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকুন। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারী।