নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলায় কাচারি এলাকায় এক কিশোরকে আহত করার ঘটনায় উভয় পক্ষকে নিয়ে থানায় সমঝোতার মাধ্যমে সমাধান করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাচারি এলাকায় কয়েকজন কিশোর একত্রিত হয়ে শামসুজ্জামান অভি নামে এক কিশোরকে আহত করে।
পরে আহত অভিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় ২৮ মার্চ শনিবার আহত কিশোর শামসুজ্জামান অভির বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কাইফ, সাজ্জাদ, রাকিবুল, আরিয়ান, আলিফ, অপূর্বসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ পাওয়ার পর মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করেন এবং অভিযুক্ত কিশোরদের বয়স কম হওয়ায় তাদের ভবিষ্যৎ বিবেচনায় উভয় পক্ষের অভিভাবক, আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে থানায় বৈঠকের আয়োজন করেন।
বৈঠকে ওসি মমিনুল ইসলাম কিশোরদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে খোঁজখবর রাখার আহ্বান জানান। তিনি অভিযুক্ত কিশোরদের কাছ থেকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার বিষয়ে লিখিত মুচলেকাও নেন।
পরে উভয় পক্ষকে সতর্ক করে বিষয়টির সমাধান করা হয়।
এ সময় উপস্থিত অভিভাবকরা মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলামের মানবিক উদ্যোগ ও দ্রুত সমাধানে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তারা ভবিষ্যতে তাদের সন্তানরা যেন কোনো ধরনের অপকর্মে জড়িয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখার প্রতিশ্রুতি দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।