নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান; বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকাময় ঘটনাবলী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বাঙালি জাতির উপর সংঘটিত নির্মম গণহত্যা, নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা এবং মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। সেই রাতের বিভীষিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় ২৫ মার্চের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।