চাঁদা দাবি ও হুমকির অভিযোগে তোলপাড়ের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৫ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
চাঁদা দাবি ও হুমকির অভিযোগে তোলপাড়ের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই  মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় কমিটি।  


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা ওই নোটিশে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষরে জারি করা হয়।  


এর আগে আইডিয়াল টেক্সটাইল মিলসের ম্যানেজার মো. আব্দুর রহমান অভিযোগ করেন, শহিদুল ইসলাম শহীদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেন। তিনি বলেন, “সরকার পতনের পর আমাদের ফ্যাক্টরিতে তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাকে হুমকি দেওয়া হয়। এক সময় সে আমাকে ফোন দিলে আমি রিসিভ করতে পারিনি। পরে আমি তাকে ফোন দিলে সে আমার কথা না শুনে উল্টো আমাকে হত্যার হুমকি দেয় এবং প্রতিষ্ঠানের মালিককে গালিগালাজ করে। সেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে।” 


তিনি আরও দাবি করেন, “ঈদের কয়েকদিন আগে সে লোক পাঠিয়ে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া আমি কোনো লিখিত কাগজ দেইনি। আমি তখন চাঁদপুরে অবস্থান করছিলাম—তাহলে আমার স্বাক্ষরসহ দরখাস্ত কোথা থেকে এলো? এটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।” 


অন্যদিকে, শহিদুল ইসলাম শহীদ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি দাবি করেন, ২০২৪ সালে মিলের একটি শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে।
তবে কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশের পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 


এদিকে, স্থানীয়দের দাবি—ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এখন অভিযুক্তের জবাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে মুন্সীগঞ্জের মানুষ।