নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
একইদিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এসময় মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া, ২৫ মার্চ বুধবার বেলা ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিট নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। পাশাপাশি বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।
বিএনপি’র পক্ষ থেকে দেশব্যাপী দলটির সকল স্তরের নেতাকর্মীদের এসব কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।