নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়। এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী কিশোররা।
উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় বুধবার (১৮মার্চ) বাদ যোহর সোনারং পুরাতন জামে মসজিদে নামাজি কিশোরদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়। অত্র এলাকার ৩০০ কিশোর নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৩০০ জনের মাঝেই পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর মধ্যে ১৪ জন কে বাই সাইকেল এবং বাকিদের মাঝে ডিনার সেট সহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নির্ধারিত সময়জুড়ে নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহ দিতে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।