নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানের আহ্বান ও এর তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখার উদ্যোগে এক মোলাকাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ, বৃহস্পতিবার আসরের নামাজের পর সরকারি হরগঙ্গা কলেজের অডিটোরিয়াম কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম এবং অর্থ সম্পাদক জাহিদুর রহমান। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ ও সেক্রেটারি আজিজুল হাকিম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি ও নৈতিকতা গঠনে রমজানের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে রমজানের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।