নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. মীর হোসেন ওরফে মোতালেব (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একটি অটোরিকশায় করে তিনি ব্যাগভর্তি ওই মাদক পরিবহন করছিলেন।
আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে মুক্তারপুর ফেরিঘাট সংলগ্ন রিভার ভিউ কোল্ড স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মীর হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি মুন্সিগঞ্জের নতুনগাঁও মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মুন্সিগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।