মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৫ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।


পুলিশ জানায়, মুন্সীগঞ্জ পুলিশ সুপার   মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকাল ২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে।



মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ পদ্মা সেতু (উত্তর) থানা এলাকার উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের দক্ষিণ পাশের পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাস স্ট্যান্ড ওজন স্কেলের সামনে ঢাকা-টু-মাওয়া সড়ক থেকে মোঃ সোয়েব ওরফে সৌরভ (৪০) নামের আরেকজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
দুই দফা অভিযানে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।