নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : পরিবহন খাতে চাঁদাবাজি প্রতিরোধ, ফুটপাত দখলমুক্তকরণ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। তাঁর নেতৃত্বে জেলার অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ফলের মার্কেট, কাঁচাবাজার, পুরাতন মুক্তারপুর বাসস্ট্যান্ড ও সিপাহি পাড়া এলাকায় চাঁদাবাজি, সহিংসতা, অবৈধ দখলদারিত্ব এবং সড়ক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ব্যাপক তদারকি করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণকে চাঁদাবাজি, ফুটপাত দখল, সহিংসতা ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়। পাশাপাশি মোবাইল কোর্টসহ পুলিশের জোরদার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সড়ক শৃঙ্খলা বজায় রাখা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিবহন সংশ্লিষ্ট চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।