মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা নিরসনে সম্প্রীতি ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা নিরসনে সম্প্রীতি ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর  তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে। প্রতিহিংসা ও বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।


নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, “মুন্সিগঞ্জের উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আর যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তারাও আমাদের ভাই—তাদের প্রতিও সহমর্মিতা থাকতে হবে। ”


তিনি আরও বলেন, নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা প্রতিশোধমূলক আচরণ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।


 শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখলেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে। তাই সকল নেতাকর্মী ও সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।


এ সময় তিনি প্রশাসন, রাজনৈতিক কর্মী এবং সাধারণ জনগণের প্রতি একযোগে কাজ করে একটি শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


 নবনির্বাচিত এমপি বলেন, “ভোটের লড়াই শেষ, এখন উন্নয়নের লড়াই শুরু। আসুন, আমরা সবাই মিলে মুন্সিগঞ্জকে একটি সম্প্রীতিময় ও উন্নত জেলায় পরিণত করি।”
নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতা এড়াতে তার এই আহ্বান রাজনৈতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সম্প্রীতি ও সহমর্মিতার এই বার্তা বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে এবং উন্নয়নের পথ আরও সুগম হবে।