নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জিতু রায়: ঢাকা শিক্ষা বোর্ড আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি প্রতিযোগিতার তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।
গতকাল সোমবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় জাকিয়া সুলতানা লৌহগোলক, চাকতি এবং বর্শা নিক্ষেপ—এই তিনটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করেন। জেলা পর্যায় থেকে শুরু করে ঢাকা জোন এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়সহ প্রতিটি স্তরে শ্রেষ্ঠত্ব ধরে রেখে তিনি বোর্ড সেরা ক্রীড়াবিদ হওয়ার কৃতিত্ব দেখান। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ মুন্সীগঞ্জ স্টেডিয়াম এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জাকিয়া সুলতানার এই অসামান্য সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারি হরগঙ্গা কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম। জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত জাকিয়ার পুরো সফরে তিনি সার্বক্ষণিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা যুগিয়েছেন। একজন দক্ষ ক্রীড়াবিদ হিসেবে জাকিয়াকে গড়ে তুলতে তার কঠোর পরিশ্রম এবং সঠিক প্রশিক্ষণই এই সাফল্য অর্জনে বিশেষ সহায়ক হয়েছে।
জাকিয়ার এই গৌরবে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার জানান, জাকিয়ার এই অর্জন কলেজের জন্য এক বিশাল সম্মানের বিষয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে তার এই ধারাবাহিক সাফল্য কলেজের অন্যান্য শিক্ষার্থীদেরও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে। অধ্যক্ষ এই সাফল্যের জন্য জাকিয়াকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরো বলেন জাকিয়া ভবিষ্যতে তার ক্রীড়া নৈপূন্যের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হরগঙ্গা কলেজের নাম উজ্জ্বল করবেন।
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং জাকিয়ার মতো উদীয়মান ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন।