নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ফাহমিদা আলম জেরিন : বীমা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ IDRA Insurance Excellence Award 2025 অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার ঐতিহ্যবাহী হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
অনুষ্ঠানে দেশের বীমা খাতের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন জীবন ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই স্বীকৃতি ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের সুশাসন, গ্রাহকসেবায় প্রতিশ্রুতি, আর্থিক স্বচ্ছতা ও উদ্ভাবনী বীমা পণ্যের সফল বাস্তবায়নের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাওয়ার্ড গ্রহণকালে সিইও উত্তম কুমার সাধু বলেন,
“এই সম্মান আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী ও বীমা উপদেষ্টাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। ”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
উল্লেখ্য, ‘ডেলটা জীবন : সমৃদ্ধ জীবন’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের জীবন বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।